প্রতিবেদক সাইফুদ্দিন খালেদ :
ড. মোহাম্মদ জহির উদ্দীনের মেধাবী জীবনের গল্প
মেধা, সততা আর নিরলস অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দীন। সম্প্রতি তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা থেকে পিএইচডি (PhD) ডিগ্রি অর্জন করেছেন।
গত মঙ্গলবার (৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁকে নামের পূর্বে ‘ডক্টর’ ব্যবহারের অনুমতি প্রদান করা হয়। বুয়েট থেকে তাঁর পিএইচডি গবেষণার শিরোনাম ছিল— “Behavioral Analysis of Time-Dependent Oriented Magneto-Convective Flow by an Upright Porous Surface”, যা গণিত ও প্রকৌশল বিজ্ঞানের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কৃতি কর্মকর্তার এই গৌরবময় অর্জনের পেছনে রয়েছে একটি সুদীর্ঘ এবং অনুপ্রেরণাদায়ী পারিবারিক ঐতিহ্য। ড. জহির উদ্দীনের জন্ম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার চন্দ্রদ্বীপ গ্রামের পণ্ডিত বাড়ির এক অত্যন্ত সুশিক্ষিত ও মেধাবী পরিবারে। তাঁর পিতা জনাব আব্দুল মন্নান (মাস্টার) ছিলেন কেরোনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, যাঁর হাত ধরে অসংখ্য ছাত্র-ছাত্রী আজ সমাজে সুপ্রতিষ্ঠিত। শুধু বাবাই নন, তাঁর দাদা ইদ্রিস পণ্ডিতও ছিলেন নিজ এলাকায় অত্যন্ত সৎ, জ্ঞানী ও মেধাবী একজন মানুষ হিসেবে সুপরিচিত।
পারিবারিক এই শিক্ষার আবহে ছোটবেলা থেকেই শান্তশিষ্ট জহির উদ্দীন ছিলেন সাধারণের চেয়ে সম্পূর্ণ আলাদা। বিনোদন আর কোলাহলের এই বিশাল জগতের বাইরে তাঁর ধ্যান-জ্ঞান ছিল কেবলই বই আর পড়াশোনা। পড়াশোনা করতে করতেই ঘুমিয়ে পড়া, আবার ঘুম ভাঙলেই পড়া মুখে গুনগুন করা— এমন এক অদম্য জ্ঞানপিপাসা নিয়েই বেড়ে উঠেছেন তিনি। আজ তাঁর সেই সততা, মেধা আর একাগ্রতাই তাঁকে এনে দিয়েছে এই অনন্য শিক্ষাগত স্বীকৃতি।
ড. মোহাম্মদ জহির উদ্দীনের এই গৌরবময় সাফল্যে এবং তাঁর আগামী দিনের সুন্দর পথচলার প্রতি রইল ‘বাংলার প্রভাত’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও অন্তহীন শুভকামনা।

✍️ মন্তব্য লিখুন