বিশেষ প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদ জানান দলটির নেতারা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে জামায়াত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কথাও জানান তিনি।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারছে না। সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারকে এখনই পদত্যাগের আহ্বান জানাচ্ছেন না তাঁরা। বরং সরকারকে ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি।
সমাবেশে জামায়াতের নেতারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেন। তাঁদের বক্তব্য, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে। এ জন্য সংসদে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এর আগে ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে শনিবার ঢাকায় এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আগামী ২৫ নভেম্বর ১১টি মহানগরে, ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা পর্যায়ে একই দাবিতে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে দলটির।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে জামায়াতের এ কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
✍️ মন্তব্য লিখুন