নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনার পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাড়িসহ অন্তত অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন মোল্যা (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। আহত হন আরও কয়েকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শোভাযাত্রাটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
দুই নেতার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার নিহত ব্যক্তিদের কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তাঁদের কর্মসূচির পর বেন্দারচর এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়।
এরপর বিক্ষুব্ধ ব্যক্তিরা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, দুই নেতা হত্যার ঘটনার জেরে শুক্রবার বিকেলে নিহত ব্যক্তিদের স্বজন ও অন্য ব্যক্তিরা বেন্দারচর এলাকায় কয়েকটি বাড়িতে হামলা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে বেন্দারচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে জেলা পুলিশ। পুলিশের ভাষ্য, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই।
দুই বিএনপি নেতার হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-ভাঙচুরের ঘটনায় কালিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এখন বড় চ্যালেঞ্জ।
✍️ মন্তব্য লিখুন