ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মুঠোফোন মেরামত, অটোরিকশা মেরামত, বাসের চালকের সহকারী ও জুতার দোকানে কাজ করে।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেলে ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে ছয় কিশোরকে আটক করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া কিশোরেরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। এই অর্থের উৎস, সরবরাহকারী এবং মিছিলের আয়োজকদের শনাক্ত করতে তদন্ত চলছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
✍️ মন্তব্য লিখুন