নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে যানবাহন দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক বাজার এলাকায় একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। ট্রাকটি দিনাজপুর থেকে খড় নিয়ে এসেছিল। ভোর সাড়ে তিনটার দিকে মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে ট্রাকটি দাঁড় করিয়ে চালক ও সহকারী বিশ্রাম নিচ্ছিলেন।
ভোর সাড়ে পাঁচটার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে সতর্ক করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি ট্রাকটিতে আগুন দিয়ে চলে যান। পরে চালক ট্রাকটি সামনের দিকে সরিয়ে নিয়ে সড়কের পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রাকে থাকা খড়ের বড় অংশ পুড়ে যায়।
অন্যদিকে, সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকাগামী লেনে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
পৃথক দুটি অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে পরপর এমন ঘটনা পরিবহন চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
✍️ মন্তব্য লিখুন