অনলাইন ডেস্ক
রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাড়ির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিলা আক্তার জানান, হামলাকারীরা বাড়ির নিচতলার গ্যারেজে ভাঙচুরের পাশাপাশি আগুন দেন। এতে গ্যারেজে রাখা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। এ ছাড়া বাড়ির তত্ত্বাবধায়কের কক্ষেও ভাঙচুর চালানো হয়।
পরে স্থানীয় বাসিন্দারা প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়ও শনাক্ত করতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার পরিদর্শক শাহাজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে ওই বাড়িতে আগুন লাগার কোনো খবর আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে আগুনের খবর পৌঁছালে একটি গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চু আত্মগোপনে রয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হামলার কারণ জানতে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
✍️ মন্তব্য লিখুন