রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই নেতাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।
অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. সেলিম উদ্দিন চৌধুরী। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর ছেলে সজীব উদ্দিন চৌধুরী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ভোর পাঁচটার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে। কয়েক সেকেন্ডের মধ্যে মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিরা বহিরাগত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে মিছিলের প্রায় ১৮ ঘণ্টা পর একই এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হয়। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কয়েকজন যুবক সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা পাহারায় ছিলেন। সড়কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির খবর পেয়ে নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান।
অন্যদিকে, ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কদলপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, ছেলের কর্মকাণ্ডের বিষয়ে সেলিম উদ্দিনকে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তাঁকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
✍️ মন্তব্য লিখুন