নিজস্ব প্রতিবেদক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রার্থীর নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত ১০ মে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। ওই তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৬৭ জন এবং পৌরসভার মেয়র পদে ৩৩ জন প্রার্থী ছিলেন।
দ্বিতীয় দফার এই ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলটির প্রার্থী দেওয়ার কার্যক্রম আরও বিস্তৃত হলো। দলটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
অনুষ্ঠানে সারজিস আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও দলটির পরিকল্পনা রয়েছে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণার লক্ষ্য রয়েছে এনসিপির। এসব নির্বাচনে দলটি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে দ্বিতীয় দফায় ঘোষিত ১০০ প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে দলটি।
✍️ মন্তব্য লিখুন