কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধারের আট বছর আগের একটি মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামছুল আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির বাসিন্দা আমির হোসেন (৫০) ও হারুন (২৬)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী জানান, ২০১৮ সালের ২ মার্চ বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে আটক করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলাটি তদন্তের পর ২০১৮ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে আমির হোসেন ও হারুনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
সাক্ষ্য গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
✍️ মন্তব্য লিখুন