নিজস্ব প্রতিবেদক
শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন ১০ প্লাটুন সদস্য। এসব এলাকার মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা।
অন্যদিকে, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি। এসব এলাকার মধ্যে রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর সেতু ও শিমরাইল।
বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।
এদিকে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
✍️ মন্তব্য লিখুন