রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে। এতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তাঁরা দুজনই কুমিল্লার একটি এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকাগামী সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাসে একই এলাকার কয়েকজন যাত্রী ছিলেন। পথে বাসের কর্মীদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করে।
অভিযোগ অনুযায়ী, তারাগঞ্জের জিগাতলা এলাকায় পৌঁছানোর পর বাসের কর্মীদের সঙ্গে যাত্রীদের আবারও বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
এ ঘটনায় আতিকুল ইসলাম (৩০) নামের আরও এক যাত্রী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুই যাত্রীর মৃত্যুর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক, হেলপার ও সুপারভাইজারের বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাড়া নিয়ে সামান্য বিরোধ কীভাবে দুই যাত্রীর প্রাণহানির ঘটনায় রূপ নিল, তা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
✍️ মন্তব্য লিখুন