রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলায় খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির ঘটনায় স্থানীয় লোকজনের গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডাকাত দলের অন্য তিন সদস্য পালিয়ে গেছেন। তাঁদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ব্যক্তি খেলনা পিস্তল দেখিয়ে সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি লুট করে পালানোর চেষ্টা করেন।
এ সময় হেনা ত্রিপুরার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা ধাওয়া করে রফিককে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তাঁর সহযোগী মো. আকাশ (২৪) নগদ দুই লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বাইরে পাহারায় থাকা আরও দুজনও পালিয়ে যান।
পরে আটক রফিককে স্থানীয় লোকজন মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানান, রফিককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, ডাকাতির ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি স্বর্ণের আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলাতক আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় করা একটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের বাইরে কাউকে আটক করে মারধর বা হত্যা করা আইনসম্মত নয়। অপরাধের অভিযোগ থাকলেও বিচার করার অধিকার আদালতের।
✍️ মন্তব্য লিখুন