ঢাকা প্রতিনিধি
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ছোট ভাই মামুনুর রশিদ। তিনি রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হারুনুর রশিদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তিনি ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ফুটবল সংগঠন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজা মঙ্গলবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাঁর মরদেহ লক্ষ্মীপুরে নিয়ে দাফন করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
✍️ মন্তব্য লিখুন