আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয় বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটি ও সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে থাকা ছয় আরোহী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।
সোমবার (৯ নভেম্বর) ভোরে উত্তর প্রদেশের পানিপথ-খাতিমা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি মুজাফফরনগর জেলার তিতাবি থানার আওতাধীন জগাহেড়ি এলাকার কাছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হরিয়ানার হিসার জেলার ছয় বন্ধু গাড়িতে করে হরিদ্বারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর সড়ক বিভাজক ভেঙে বিপরীত পাশের সড়কে উল্টে পড়ে। মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভেতরে থাকা যাত্রীরা বের হতে পারেননি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে গাড়ির ভেতর থেকে ছয়জনের দগ্ধ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন রাহুল (২২), অঙ্কিত (২১), সাহিল (২২), অজয় (২২), আরেক অঙ্কিত (২২) ও আমান (১৯)। তাঁদের সবাই হরিয়ানার হিসার জেলার বাসিন্দা। নিহত সাহিল গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। দুর্ঘটনার ধাক্কায় গাড়ির জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুজাফফরনগরের জ্যেষ্ঠ পুলিশ সুপার সূরজ কুমার রাই জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরাও কাজ করেছেন।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছয় বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
✍️ মন্তব্য লিখুন