নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকেলে এ অধিবেশন শুরু হবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিবেশনের কার্যক্রম পরিচালনার সময় বরাদ্দ ও স্থায়িত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
প্রথম বৈঠকে উঠবে তিন অধ্যাদেশ
এ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। পাশাপাশি তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবং চতুর্থ অধিবেশন শুরুর আগে জারি করা তিনটি অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।
অধ্যাদেশ তিনটি হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি প্রশ্ন
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।
এ ছাড়া কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা প্রস্তাবটি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।
এ ছাড়া সংসদের সাউন্ড সিস্টেমের উন্নয়নকাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সংসদ সচিব জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন হবে ৭ মেগাওয়াট
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে বৈঠকে অবহিত করেন ডেপুটি স্পিকার ও সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদ ভবনের বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। ফলে নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সংরক্ষণের ব্যবস্থাও রাখার নির্দেশনা দেন।
বৈঠকে ই-পার্লামেন্ট কার্যক্রম এবং সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের অগ্রগতিও তুলে ধরা হয়।
✍️ মন্তব্য লিখুন