পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও জাতীয় পতাকা উত্তোলিত থাকার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অফিস ভবনের সামনে পতাকা উড়তে দেখা যায়। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা মৎস্য অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়। অথচ ততক্ষণে অফিসের কার্যক্রম শেষ হয়ে গেছে। প্রধান ফটক ও কার্যালয় ছিল তালাবদ্ধ। ভবনের ভেতরে কিংবা আশপাশে কোনো কর্মকর্তা-কর্মচারীকেও পাওয়া যায়নি।
পরে বিষয়টি জানাজানি হলে মৎস্য অফিসের প্রকল্পের তথ্য সংগ্রহকারী বিপ্লব ঘটনাস্থলে এসে পতাকাটি নামিয়ে ফেলেন।
পতাকা নামানোর দায়িত্ব কার ছিল, তা নিয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের বক্তব্যেও ভিন্নতা পাওয়া গেছে। মৎস্য অফিসের তথ্য সংগ্রহকারী বিপ্লব জানান, পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব অফিস সহায়ক শোভন বিশ্বাসের। তিনি ছুটিতে থাকায় সকালে কে পতাকা উত্তোলন করেছেন, তা তাঁর জানা নেই। মৎস্য কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে তিনি এসে পতাকা নামিয়েছেন।
অন্যদিকে, অফিস সহায়ক শোভন বিশ্বাস জানান, তিনি ছুটিতে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে পতাকা নামানোর দায়িত্ব সুধাংশু মিস্ত্রির। তবে সুধাংশু মিস্ত্রি জানান, তিনি বর্তমানে বরিশালে অবস্থান করছেন। শনিবার কে পতাকা উত্তোলন করেছেন, তা তাঁর জানা নেই। সোহেল নামে এক কর্মচারীর পতাকা নামানোর দায়িত্ব ছিল বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ভুল। অফিস সহায়ক শোভন ছুটিতে ছিলেন এবং কর্মচারী সোহেল কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর তিনি লোক পাঠিয়ে পতাকা নামানোর ব্যবস্থা করেছেন।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি জানার পর তিনি মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর পারিবারিক সমস্যার কারণে কাউকে না জানিয়ে চলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে তাঁকে জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
পতাকা প্রদর্শনে রয়েছে নির্দিষ্ট বিধিমালা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, বিশেষ বিধান ছাড়া জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শনের নিয়ম রয়েছে। মোটরযান, জলযান ও উড়োজাহাজের ক্ষেত্রে নির্দিষ্ট বিধান রয়েছে। তাই সরকারি দপ্তরে সূর্যাস্তের পরও পতাকা উত্তোলিত রাখা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এর আগে গত ২২ অক্টোবর জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। কিছু সরকারি দপ্তরে সূর্যাস্তের পরও পতাকা ঝুলিয়ে রাখা এবং বিধিবহির্ভূতভাবে পতাকা ব্যবহারের বিষয়টি সামনে আসার পর এ নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। ফলে সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও নামানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অবহেলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। গলাচিপা উপজেলা মৎস্য অফিসের এ ঘটনায় দায়িত্ব বণ্টন ও তদারকির বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে।
✍️ মন্তব্য লিখুন