নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল ৮ নভেম্বর পালিত হচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, পারিবারিক মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনামূল্যে প্রযুক্তি পরামর্শসহ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’। শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির নেতারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৮ নভেম্বর সকাল ১১টায় আইডিইবি ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। এদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে।
কর্মসূচির দ্বিতীয় দিনে ৯ নভেম্বর বিকেল ৩টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগের চেয়ারম্যান ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। একই দিন বিকেল ৫টায় আয়োজন করা হবে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা শাখা কার্যালয়ে বিনামূল্যে প্রযুক্তি পরামর্শসেবা দেওয়া হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রকৌশল ও প্রযুক্তিগত পরামর্শ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে আইডিইবির নেতারা বলেন, একটি দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ জনশক্তির বিকল্প নেই। অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, শিল্পকারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, কৃষির আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির সম্প্রসারণে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষাকে আধুনিক, ব্যবহারিক ও কর্মবাজারের চাহিদাভিত্তিক করতে হবে। এ জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মধ্যে কার্যকর সংযোগ, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে আসছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের আয়োজনের মধ্য দিয়ে দক্ষতা, সততা, দেশপ্রেম ও সম্মিলিত প্রচেষ্টায় উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় তুলে ধরতে চায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। এ সময় সংগঠনটির সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
✍️ মন্তব্য লিখুন