নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় জুমার নামাজ আদায় এবং ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রাম সফর করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে জুমার নামাজ আদায় শেষে দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে সড়কপথে ফটিকছড়ির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মাদ্রাসায় পৌঁছানোর কথা। পরে বিকেল ৩টার দিকে চট্টগ্রামে ফেরার কথা রয়েছে তাঁর।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও যোগ দেওয়ার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের।
এ ছাড়া চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীরও সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ ফজর মাদ্রাসা প্রাঙ্গণে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে দেশের বরেণ্য আলেমরা ইসলামী শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, আকিদা-বিশ্বাস ও মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করছেন। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ইসলামী মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখবে।
শুক্রবারের কর্মসূচির মধ্য দিয়ে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
✍️ মন্তব্য লিখুন