কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে বিএনপি নেতা সুলতান আহমেদ ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।
মামলার বাদী সুলতান আহমেদ বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে গত ৮ ফেব্রুয়ারি উপজেলার মাশরা এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে ও তাঁর ছেলে শাহরিয়ার হোসেন শুভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি বুড়িচং থানায় মামলা করেন সুলতান আহমেদ। মামলায় এনামুল হক সবুজ ছাড়াও রহিম খান লিটন, এহসানুল হক, মো. কামাল হোসেন, বাহার মিয়া ও মো. মিঠুকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
তবে একই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা অভিযোগও রয়েছে। এনামুল হক সবুজের অভিযোগ, হামলার দিন তিনি ও তাঁর ছোট ভাইও প্রতিপক্ষের হামলায় আহত হন। তাঁদের কুপিয়ে জখম করার অভিযোগে সুলতান আহমেদকে প্রধান আসামি করে বুড়িচং থানায় আরেকটি মামলা করেন তিনি।
এনামুল হক সবুজের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ জানান, মারামারির ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাঁর মক্কেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, দুই পক্ষের মধ্যে আগে আপস হয়েছিল। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩২৭ ধারায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন বলেন, তাঁর জানা মতে, রেলওয়ের সরকারি মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। আহত সুলতান আহমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলেও নিশ্চিত করেন তিনি।
এনামুল হক সবুজ কারাগারে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
✍️ মন্তব্য লিখুন