নীলফামারী প্রতিনিধি
কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তা দিতে নীলফামারীতে ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ মো. নূরুন নেওয়াজ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়রা মন্ডল।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন জানান, নীলফামারী সদর, ডোমার ও ডিমলা উপজেলার ৫০০ জন করে মোট ১ হাজার ৫০০ কৃষককে এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি কৃষি উপকরণ প্যাকেজে রয়েছে ২০ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ১০ কেজি জিপসাম, ১ কেজি জিংক এবং ৫ কেজি ধানবীজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, এনসিসি ব্যাংক শুধু বাণিজ্যিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই; দেশের কৃষক ও কৃষি অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখছে। কৃষকদের জন্য এ ধরনের সহায়তা তাঁদের উৎপাদন সক্ষমতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস দেওয়ার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ সেই অনুরোধ গ্রহণ করেছে এবং শিগগিরই বাসটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে কৃষকদের চাষাবাদে সহায়তার পাশাপাশি স্থানীয় কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখতে পারে।
✍️ মন্তব্য লিখুন