মাগুরা প্রতিনিধি
মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনার সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের একটি বাড়ি থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হলে স্বর্ণ ডাকাতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে যুবদল নেতা হত্যা এবং স্বর্ণ ডাকাতির ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
নিহত শাকের হোসেন (৩৯) মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন।
এ ঘটনায় এর আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার ও শামীমা তাবাসসুমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদারকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
অন্যদিকে, গত ৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার রামনগর বাজার এলাকায় বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বর্ণ ব্যবসায়ী মো. মজিবর রহমান ঢাকার তাঁতীবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে ঝিনাইদহে নেওয়ার পথে এ ডাকাতির শিকার হন। ডাকাতেরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাস থামিয়ে তাঁকে নামিয়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে শাকের হোসেন হত্যার সঙ্গে এই ডাকাতির ঘটনার সম্পর্ক এবং কারা হত্যাকাণ্ডে জড়িত, তা এখনো তদন্তাধীন।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণ এবং গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
✍️ মন্তব্য লিখুন