পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলোর সদস্যরা এখন অনেকটাই অসহায় অবস্থায় রয়েছেন। হঠাৎ আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর আলীপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুরা এলাকার সুলিজ বাজারের উত্তর-পশ্চিম পাশে মৃধা বাড়িতে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে ইব্রাহিম মৃধার বসতঘরে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দুই ভাই নুরু মৃধা ও ইউনুস মৃধার বসতঘরেও ছড়িয়ে যায়। এতে তিন ভাইয়ের তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর দেওয়া হয় গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি ঘর ও ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল, মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইব্রাহিম মৃধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর সম্বল বলতে ছিল বসতঘর, জমিজমার দলিল ও মামলার প্রয়োজনীয় কাগজপত্র। আগুনে সব পুড়ে যাওয়ায় এখন মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই।
গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা। পরিদর্শন শেষে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন। দৈনিক আমার দেশ
হঠাৎ অগ্নিকাণ্ডে বসতঘর ও দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ হারিয়ে তিন ভাইয়ের পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
✍️ মন্তব্য লিখুন