আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বিহার রাজ্যের সরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জিনস ও টি-শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য শিক্ষা বিভাগ। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ডিজে পার্টি, ডিসকো নাচ এবং অশালীন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের ওপরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিহার রাজ্যের শিক্ষা বিভাগের পরিচালক বিজয় কুমার পান্ডে স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব বিধিনিষেধ জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয়ে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম চলাকালে শিক্ষক-কর্মচারীদের অবশ্যই মার্জিত ও আনুষ্ঠানিক পোশাক পরে উপস্থিত হতে হবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
শিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়, আগেও বিদ্যালয়ের শৃঙ্খলা ও পেশাগত পরিবেশ বজায় রাখতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এখনো অনেক শিক্ষক ও কর্মচারী জিনস ও টি-শার্টের মতো অনানুষ্ঠানিক পোশাক পরে কর্মস্থলে আসছেন। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে উচ্চ শব্দে ডিজে বাজানো, ডিসকো নাচ এবং অনুপযুক্ত বিনোদনমূলক কার্যক্রম আয়োজনের অভিযোগও পাওয়া গেছে।
কর্তৃপক্ষের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার পরিবেশ ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের পেশাগত আচরণ ও ব্যক্তিত্বের গুরুত্ব রয়েছে। তাই বিদ্যালয়ের পরিবেশে শালীনতা ও পেশাগত মর্যাদা বজায় রাখা জরুরি।
তবে নতুন নির্দেশনায় বিদ্যালয়ের সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়নি। শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী বিশেষ দিনগুলোতে নাচ-গানসহ সাংস্কৃতিক পরিবেশনা করা যাবে। তবে এসব আয়োজন অবশ্যই শৃঙ্খলাপূর্ণ ও মার্জিত হতে হবে।
এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে ডিজে সাউন্ড সিস্টেম, ডিসকো নাচ এবং নিম্নমানের বিনোদনমূলক আয়োজন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের পোশাকবিধি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের দায়িত্বও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে পেশাগত শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই বিহার সরকারের এ উদ্যোগ বলে সংশ্লিষ্ট নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
✍️ মন্তব্য লিখুন