সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পুলিশের পিকআপে থাকা চার সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই), দুজন কনস্টেবল ও একজন গাড়িচালক রয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
ক্লোজড হওয়া চার পুলিশ সদস্য হলেন—যমুনা সেতু পশ্চিম থানার এএসআই আরিফুল ইসলাম আরিফ, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম এবং পিকআপচালক আব্দুল গফুর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। তিনি জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলের সময় ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পিকআপ ছিল। এ ঘটনায় দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্যের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার সদস্যকে ক্লোজড করা হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশের একটি টহল পিকআপ মিছিলের পাশ দিয়ে অতিক্রম করছিল।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনের সারিতে কয়েকজন ব্যক্তি যুবলীগ নেতা একরামুল হকের নামসংবলিত ব্যানার ধরে রয়েছেন। এ সময় পুলিশের পিকআপটি মিছিলের কাছাকাছি পৌঁছালে মিছিলকারীদের কয়েকজন গাড়িটির দিকে এগিয়ে যান। একপর্যায়ে পুলিশ সদস্যদের গাড়ি থেকে না নামার জন্য হুমকি দিতে দেখা যায়। পরে কোনো ব্যবস্থা না নিয়েই পিকআপটি ঘটনাস্থল ত্যাগ করে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
এদিকে, মিছিলের ঘটনায় বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ, যুবলীগের কর্মী চান শেখ এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মিছিলের সময় দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
✍️ মন্তব্য লিখুন