আন্তর্জাতিক ডেস্ক
ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউসের প্রকাশিত প্রেস সূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন কাতারের প্রধানমন্ত্রী। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গেও তাঁর পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকগুলো রুদ্ধদ্বার অনুষ্ঠিত হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান-প্রদান এবং দুই দেশের অবস্থানের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে দোহা। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সংঘাতের অবসানে সম্ভাব্য শর্ত নিয়ে আলোচনায় কাতারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার জানিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি এবং শিগগিরই কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও স্পষ্ট নয়। ইরানের কিছু দাবি ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তির সম্ভাবনা তৈরি হলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা কম। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টিও যুক্তরাষ্ট্র বিবেচনায় রেখেছে।
এমন পরিস্থিতিতে ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রীর আসন্ন বৈঠককে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট সমঝোতা বা অগ্রগতির ঘোষণা আসে কি না, তা এখনো স্পষ্ট নয়।
✍️ মন্তব্য লিখুন