লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজের বিরুদ্ধে চরদখল, ব্যবসাপ্রতিষ্ঠান দখল, লুটপাট, চাঁদাবাজি, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
গত ৬ নভেম্বর (শুক্রবার) লক্ষ্মীপুর জেলা শহরের একটি চীনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন কৃষকদল নেতা শামীম গাজী। তিনি রায়পুর উপজেলা কৃষকদলের সাবেক সদস্যসচিব এবং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর ছেলে।
শামীম গাজীর অভিযোগ, ফারুক আহমেদ কবিরাজ ও তাঁর ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বাধীন একটি পক্ষ এলাকায় প্রভাব বিস্তার করে অন্তত দুই হাজার একর চরাঞ্চলের জমি দখল করেছে। পাশাপাশি মাছঘাট দখল, চাঁদাবাজি, হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মামলা দিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
তাঁর দাবি, এ বিরোধের পেছনে উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এ কারণে তাঁকে ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নিজের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান দখল এবং প্রায় ২২ লাখ টাকা লুটের অভিযোগও করেন তিনি। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও মাছ ধরার বাক্স নদীতে ফেলে দেওয়ার অভিযোগ তোলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ। তাঁর ভাষ্য, একটি ঘটনায় বাজারের উত্তেজিত লোকজন শামীমের ফার্মেসিতে হামলা করেছিলেন। ওই ঘটনায় তিনি বা তাঁর কোনো লোক জড়িত ছিলেন না। অন্য অভিযোগগুলোও তাঁর বিরুদ্ধে মিথ্যা বলে দাবি করেন তিনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, শামীম গাজীর মাছঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন শামীম গাজী। এ জন্য লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
✍️ মন্তব্য লিখুন