আন্তর্জাতিক ডেস্ক
মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৮ জন। সংঘর্ষের পর ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। রোববার (৮ নভেম্বর) দেশটির রাজধানী কায়রোর দক্ষিণে আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশটির জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গিজা থেকে ফাইয়ুমগামী ১৩৪ নম্বর ট্রেনটি কায়রো থেকে আসওয়ানগামী ২০১০ নম্বর ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। কেফর আম্মার ও আল-রিকা স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে জরুরি সেবাকর্মীদের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী ক্রেন মোতায়েন করা হয়। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া এবং দুর্ঘটনাকবলিত বগিগুলো সরিয়ে রেলপথ সচল করার কাজ শুরু করে কর্তৃপক্ষ।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনায় কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার কারণে কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক চলাচল পুনরায় চালুর চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মিশরে রেল দুর্ঘটনা নতুন ঘটনা নয়। দেশটির রেল যোগাযোগব্যবস্থায় বিভিন্ন সময়ে সংঘর্ষ ও লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। সর্বশেষ এই দুর্ঘটনার পর রেলপথের নিরাপত্তা ও তদারকি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
✍️ মন্তব্য লিখুন