জাতীয় | ৯ নভেম্বর ২০২৬
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ঢাকা জেলার ৩০ জন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। অভিনন্দনপত্রে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনার পাশাপাশি উচ্চশিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে লেখা চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, তাঁদের মধ্যে তিনি শুধু বর্তমানের মেধাবী শিক্ষার্থীকে নয়, বরং আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পান। এই সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁদের বাবা-মা ও শিক্ষকদের অবদানও স্মরণ করেন তিনি।
চিঠিতে ফরিদা খানম বলেন, এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল কেবল শিক্ষার্থীদের মেধা ও দীর্ঘদিনের পরিশ্রমের ফসল নয়; এর পেছনে বাবা-মায়ের ত্যাগ এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টাও রয়েছে।
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, এই অর্জন কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং সম্ভাবনাময় ভবিষ্যতের যাত্রার শুরু। বিশ্ববিদ্যালয়জীবনে আরও কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হয়ে ওঠার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সময়ে শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করে এমন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান, যাঁরা নিজেদের কর্মজীবন গড়ার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখবেন।
চিঠিতে ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরিদা খানম লেখেন, জীবনের অনেকটা পথ পেরিয়ে একদিন শিক্ষার্থীরা যেন নিজেদের অতীতের দিকে ফিরে তাকিয়ে বলতে পারেন—তাঁরা নিজেদের স্বপ্নকে সম্মান করেছেন, মেধার মর্যাদা রেখেছেন এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছেন।
চিঠির শেষাংশে শিক্ষার্থীদের অদম্য পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তাঁদের সাফল্যের প্রতিটি ধাপে বিজয় কামনা করেন তিনি।
ঢাকা জেলা প্রশাসকের এমন ব্যক্তিগত অভিনন্দনবার্তা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
✍️ মন্তব্য লিখুন