ফরিদপুর প্রতিনিধি | ৯ নভেম্বর ২০২৬
ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা এক তরুণীকে কাশবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ আদায়ে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির নির্দেশও দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শাহীন শেখ, জয় শেখ, রহিম মোল্লা, মনির শেখ, হৃদয় খান, ইলিয়াস শিকদার, মোস্তাক শেখ ও রিয়াজ শিকদার। তাঁরা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের বাসিন্দা।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফরিদপুর শহরতলির ধলার মোড় এলাকায় যান ওই তরুণী। বন্ধুর আসতে দেরি হওয়ায় তিনি পদ্মা নদী পার হয়ে পালডাঙ্গী চরের কাশবনে ঘুরতে যান। এ সময় আট যুবক তাঁকে নির্জন স্থানে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করেন। পাশাপাশি মুঠোফোনে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।
ঘটনার প্রায় আট মাস পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। পরে ভিডিওর সূত্র ধরে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আট আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। নারীর নিরাপত্তা বিঘ্নিতকারী এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধপ্রবণতা কমাতে ভূমিকা রাখবে।
✍️ মন্তব্য লিখুন