সিলেট প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিপুর বাজারসংলগ্ন করিচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর থানা-পুলিশ হরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়া মাহমুদকে আটক করে। পরে তাঁকে নিয়ে থানায় ফেরার পথে করিচর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁরা সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের চলাচলে বাধা সৃষ্টি করেন।
পরবর্তী সময়ে হামলাকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আটক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। স্থানীয় একটি সূত্রের বরাতে জানা গেছে, তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, পুলিশ অভিযান চালিয়ে জাকারিয়া মাহমুদকে আটক করেছিল। তাঁকে থানায় নেওয়ার পথে একদল লোক পুলিশের গাড়ি আটকে হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি বলে জানান তিনি।
এদিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
✍️ মন্তব্য লিখুন