আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় অবস্থিত হাবাস ডেমির চেলিক (HABAŞ Demir Çelik) নামের একটি লৌহ ও ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, কারখানায় বয়লার পরিবর্তনের কাজ চলার সময় একটি ওভারহেড ক্রেন ভেঙে পড়ে। এতে ক্রেনের সঙ্গে থাকা সরঞ্জাম বৈদ্যুতিক চুল্লিতে পড়ে যায়। একপর্যায়ে প্রাকৃতিক গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পরপরই কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে গুরুতর আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশওগলু সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে বিচারিক ও প্রশাসনিক তদন্ত শুরু করেছে তুরস্কের কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, হাবাস তুরস্কের অন্যতম বড় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশটির শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত এই কারখানায় ভয়াবহ দুর্ঘটনাটি দেশটির কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।
✍️ মন্তব্য লিখুন