নিজস্ব প্রতিবেদক
পাসপোর্ট সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে সরকারের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চেয়েছেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের কাগজপত্রের জটিলতা, দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখে পড়তে হয়। অনলাইনে আবেদন ও সরকারি ফি জমা দেওয়ার পরও পাসপোর্ট অফিসে গিয়ে নানা অজুহাতে আবেদন আটকে যাওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে একই কাজ দ্রুত সম্পন্ন হওয়ার অভিযোগও দীর্ঘদিনের।
পাসপোর্ট সেবায় এমন অনিয়ম ও দুর্নীতির চক্র বন্ধে সরকারের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি এবং দালালনির্ভর সেবাব্যবস্থার চিত্র তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, অনলাইনে আবেদন, সরকারি ফি জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার পর শুরু হয় নানা জটিলতা। কখনো জন্মতারিখে গরমিল, কখনো নামের বানানে সমস্যা, আবার কখনো নতুন করে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে নাগরিকদের স্বাভাবিক সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
তিনি আরও অভিযোগ করেন, পাসপোর্ট অফিসের বাইরে দালালদের মাধ্যমে জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তি কিংবা পাসপোর্ট পাওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে সরকারি ফির বাইরে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার নজির রয়েছে বলে তাঁর পোস্টে উল্লেখ করা হয়।
টিআইবির জরিপে পাসপোর্ট সেবায় ঘুষের চিত্র
পাসপোর্ট সেবায় দুর্নীতির অভিযোগের পক্ষে পরিসংখ্যানও উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক জরিপে।
২০২৬ সালের ২৫ জুন প্রকাশিত ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট-সংক্রান্ত সেবা নেওয়া ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। গ্রামাঞ্চলে এ হার ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
জরিপে আরও বলা হয়, ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকার ঘুষ লেনদেন হয়েছে। জরিপটি দেশের আট বিভাগের ১৫ হাজার ৭১৫টি পরিবারের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালিত হয়।
দুর্নীতি বন্ধে একাধিক প্রস্তাব
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, শুধু অভিযান পরিচালনা করে পাসপোর্ট সেবার দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবা প্রদানের নির্ধারিত সময়সীমা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।
পাশাপাশি কোনো আবেদন আটকে থাকলে তার লিখিত কারণ জানানো, ঘুষের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সরকারের কাছে প্রশ্ন রেখে নাসীরুদ্দীন পাটওয়ারী জানতে চান, পাসপোর্ট সেবায় দীর্ঘদিনের দুর্নীতি বন্ধে সরকারের নির্দিষ্ট কর্মপরিকল্পনা কী? কত দিনের মধ্যে কী ধরনের পরিবর্তন আনা হবে, তার পরিমাপযোগ্য লক্ষ্য ও অগ্রগতি জনগণের সামনে প্রকাশেরও দাবি জানান তিনি।
তিনি এমন একটি সেবাব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে পাসপোর্টের আবেদন করতে ইন্টারনেটের প্রয়োজন হবে, কিন্তু কাজ সম্পন্ন করতে কোনো দালালের দ্বারস্থ হতে হবে না।
পাসপোর্ট নাগরিকের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই এ সেবা পেতে অতিরিক্ত অর্থ, পরিচয় কিংবা মধ্যস্থতাকারীর ওপর নির্ভরশীলতা নয়; বরং স্বচ্ছতা, জবাবদিহি ও নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করাই হওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।
✍️ মন্তব্য লিখুন