রাজবাড়ী প্রতিনিধি
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশের একটি ফুলবাগান থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তাঝুঁকি এড়াতে তাঁকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের বিকল্প গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে উদ্ধার করা বস্তু দুটি বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ঢাকা থেকে সড়কপথে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানের কয়েক মিনিট পর প্রধান ফটকের পাশের ফুলগাছের ভেতরে সন্দেহজনক দুটি বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়।
এদিকে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানরত মন্ত্রীকে বিষয়টি অবহিত করেন নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় তাঁকে পেছনের গেট দিয়ে নিরাপদে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
পাকুড়িয়ার মাঠে নিয়ে ধ্বংস
উদ্ধার করা গ্রেনেডসদৃশ বস্তু দুটি পরে রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন।
এ সময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় বস্তু দুটি ধ্বংস করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তদন্তে পুলিশ
বিমানবন্দরের প্রধান ফটকে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা নিয়োজিত থাকেন। এরপরও কীভাবে বা কারা সেখানে সন্দেহজনক বস্তু দুটি রেখে গেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বস্তু দুটি কোথা থেকে এসেছে, কারা সেখানে রেখেছে এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে উদ্ধার হওয়া বস্তু দুটির প্রকৃত পরিচয় ও উৎস পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
✍️ মন্তব্য লিখুন