যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের বাড়ির পাশ থেকে দুটি বোমাসদৃশ বস্তু এবং প্রাণনাশের হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিমুল হোসেন সরেমনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি ছাতিয়ানতলা চূড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
সকালে নজরে আসে বস্তু ও চিরকুট
শিমুল হোসেন জানান, শুক্রবার সকালে তাঁর স্ত্রী প্রাতর্ভ্রমণে বের হলে বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বস্তু দেখতে পান। তবে সেগুলো কী, তা বুঝতে পারেননি। পরে সকাল সোয়া সাতটার দিকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময় শিমুল নিজেই বস্তু দুটি ও পাশে পড়ে থাকা চিরকুট দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।
চিরকুটে হুমকি
কম্পিউটারে টাইপ করা চিরকুটে শিমুল হোসেনকে উদ্দেশ করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য লেখা ছিল। তাঁকে কর্মকাণ্ড বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তা না করলে তাঁকে পথে হত্যা করা হতে পারে। চিরকুটের একপর্যায়ে লেখা ছিল, ‘আবার বললাম থেমে যাওয়া ভালো।’
তবে কে বা কারা এবং কী কারণে এ ধরনের হুমকি দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি শিমুল হোসেন।
তিনি জানান, এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করেন। এসব কর্মকাণ্ডের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
ঘটনাস্থলে পুলিশ, তদন্ত শুরু
যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর মামুনুর রশিদ জানান, খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বস্তু দুটি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন দল কাজ করছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তু ও হুমকিসংবলিত চিরকুট রাখা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ।
✍️ মন্তব্য লিখুন