মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩৭ কিশোর ও তরুণের মুক্তির দাবিতে জেলা কারাগারের প্রধান ফটকে বিক্ষোভ করেছেন তাঁদের অভিভাবক ও স্বজনেরা। রোববার (১৫ নভেম্বর) সকালে কারাগারের সামনে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকজন অভিভাবককে সড়কে শুয়ে পড়তেও দেখা যায়।
অভিভাবকদের বিক্ষোভের মূল কারণ, গ্রেপ্তার হওয়া কিশোরদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি। তাঁদের দাবি, সন্তানদের মুক্তি দিতে হবে এবং শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো যাবে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর এলাকায় ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজের কাছে কয়েকটি ট্রলারে করে কিশোর ও তরুণেরা জড়ো হন। সেখানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের প্রস্তুতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে পুলিশ অভিযান চালায়।
এ সময় কয়েকজনকে পুলিশ আটক করে। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মীও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সব মিলিয়ে ৩৭ জনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৩৩ জন অপ্রাপ্তবয়স্ক এবং চারজনের বয়স ১৯ বছর। শনিবার (১৪ নভেম্বর) তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে অপ্রাপ্তবয়স্ক ৩৩ জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্ক চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরবর্তী শুনানির জন্য ১৬ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের জড়ো হওয়ার এবং নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে গ্রেপ্তারের পর থেকেই সন্তানদের খোঁজে থানার সামনে ভিড় করেছিলেন অভিভাবকেরা। পরে তাঁদের আদালতে পাঠানোর খবর পেয়ে কারাগারের সামনে অবস্থান নেন তাঁরা।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের আটকের পর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, আটকের প্রক্রিয়া এবং শিশুদের আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
✍️ মন্তব্য লিখুন