নিজস্ব প্রতিবেদক
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য প্রস্তাবিত নীতিমালা চূড়ান্ত করতে আজ সোমবার (১৬ নভেম্বর) আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’-এর খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮১৫ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
জাতীয়করণে যেসব শর্ত থাকছে
প্রস্তাবিত খসড়া নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের যোগ্যতা, জমি, অবকাঠামো, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, পাবলিক পরীক্ষার ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।
খসড়া অনুযায়ী, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিপ্রতি কমপক্ষে ৫৫ জন শিক্ষার্থী থাকার শর্ত রাখা হয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী থাকতে হবে অন্তত ১২০ জন। আর স্নাতক পর্যায়ের কলেজে প্রতিটি বিভাগে ন্যূনতম ৪০ জন শিক্ষার্থী থাকার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে।
অগ্রাধিকার পেতে পারে যেসব প্রতিষ্ঠান
খসড়া নীতিমালায় আর্থসামাজিকভাবে অনগ্রসর, দারিদ্র্যপীড়িত, দুর্গম এবং শিক্ষার হার তুলনামূলক কম—এমন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রয়েছে।
পাশাপাশি পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং বিগত পাঁচ বছরের শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষার ফলাফলে এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলো বিশেষ বিবেচনায় আসতে পারে।
জাতীয়করণের আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার প্রস্তাবও রয়েছে।
তালিকায় রয়েছে ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশের অন্তত ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ অথবা সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় এসেছে। এর মধ্যে রাজশাহী, ঢাকা, রংপুর ও খুলনা বিভাগের ৬৩টি স্কুল-কলেজ রয়েছে।
নতুন নীতিমালা চূড়ান্ত হলে জাতীয়করণের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি অভিন্ন কাঠামো তৈরি হতে পারে।
তবে প্রস্তাবিত শর্তগুলো এখনো খসড়া পর্যায়ে রয়েছে। আজকের সভায় আলোচনার পর এতে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন হতে পারে। ফলে সভায় কী সিদ্ধান্ত আসে এবং কবে নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়, সেদিকেই নজর রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের।
✍️ মন্তব্য লিখুন