নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকেরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করবেন। তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।
তিনি আরও বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং তা সমুন্নত রাখতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে সরকার। গণমাধ্যমকর্মীদের সমস্যা, দাবি ও পরামর্শ শুনে সেগুলো পর্যালোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা
বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি করেছিল বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।
সরকারের ভুলত্রুটি থাকলে তা সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকেরা খোলামনে লিখবেন। তবে সংবাদে বাস্তবতা ও তথ্যের যথার্থতা বজায় রাখতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের উদ্যোগগুলোও তুলে ধরতে হবে।
অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন নিয়ে উদ্যোগ
সভায় অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অনলাইন পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় আনা এবং তাদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এ জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে বাজেট ও জনস্বার্থের বিষয় বিবেচনায় নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি।
সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতারা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, অনলাইন সংবাদমাধ্যমের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় তাঁরা প্রতিমন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবনাও হস্তান্তর করেন।
সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্যসচিব গোলাম ইফতেখার মাহমুদসহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা বক্তব্য দেন।
✍️ মন্তব্য লিখুন