নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, বাহিনীর এসআরবি-০১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গুলশান থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি গুলশান থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সাঈদ খোকনের বিরুদ্ধে এর আগে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা সাঈদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন।
তবে তাঁকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এবং কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
✍️ মন্তব্য লিখুন