নিজস্ব প্রতিবেদক
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের দুই মাসের বেশি সময় পার হলেও ফল প্রকাশ না হওয়ায় বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। দ্রুত বদলির ফল প্রকাশের দাবি জানিয়ে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে নোটিশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদে উত্থাপিত নোটিশে তিনি বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের ভিত্তিতে বদলির উদ্যোগ সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। তবে আবেদন গ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষকদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।
দূরবর্তী কর্মস্থলে ভোগান্তিতে শিক্ষকরা
নোটিশে শিক্ষকদের আর্থিক, পারিবারিক ও মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্য। তিনি জানান, অনেক শিক্ষক নিজ জেলা থেকে ৫০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে কর্মরত রয়েছেন। দূরবর্তী কর্মস্থলে বাসাভাড়া, খাবার ও যাতায়াত খরচ মেটাতে তাঁদের আয়ের বড় অংশ ব্যয় হচ্ছে।
এর ফলে পরিবারের কাছে অর্থ পাঠানো, সন্তানদের পড়াশোনার খরচ বহন এবং অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। অনেক শিক্ষক দীর্ঘদিন পরিবারের কাছ থেকে দূরে থাকায় সন্তানদের বেড়ে ওঠা ও পারিবারিক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেও অংশ নিতে পারছেন না।
শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন
নোটিশে শিক্ষকদের বদলির ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণ জানতে চান কেরামত আলী। একই সঙ্গে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের আর্থিক ও পারিবারিক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় আর কত দিন অপেক্ষা করবে, সে প্রশ্নও তোলেন তিনি।
সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ প্রশাসনিক বিলম্বের কারণে শিক্ষকদের হতাশার কারণ হয়ে উঠছে বলেও উল্লেখ করেন এই সংসদ সদস্য।
১৩ হাজারের বেশি আবেদন
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের বদলি নীতিমালা অনুযায়ী, গত ২১ আগস্ট থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হয়। পরে আবেদনের সময় এক দফা বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক বদলির আবেদন করেন। তবে দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ করা হয়নি।
শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে দ্রুত বদলির ফল প্রকাশ এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের কার্যকর সিদ্ধান্ত প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
✍️ মন্তব্য লিখুন