নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরও ১ হাজার ৫৫৪টি পদ শূন্য রয়েছে বলে দাবি করেছেন নিয়োগপ্রত্যাশীরা। এসব পদ নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিবর্তে অপেক্ষমাণ তালিকা থেকে পূরণের দাবি জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে দেশের ৬৪ জেলা থেকে আসা নিয়োগপ্রত্যাশীরা অংশ নেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
আন্দোলনকারীদের ভাষ্য, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে দেশের ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে সুপারিশপ্রাপ্তদের একটি অংশ নির্ধারিত সময়ে যোগদান করেননি। ফলে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়ে গেছে।
নিয়োগপ্রত্যাশীরা তাঁদের দাবির পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৫ তারিখে জারি করা একটি পরিপত্রের কথা উল্লেখ করেছেন। তাঁদের দাবি, ওই পরিপত্রের অনুচ্ছেদ (গ) অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী চাকরিতে যোগদান না করলে অথবা যোগদানের পর পদত্যাগ করলে সংশ্লিষ্ট বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় অপেক্ষমাণ তালিকা ও উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল উপস্থাপন করে শূন্য পদে নিয়োগের সুপারিশ করার সুযোগ রয়েছে।
এ ছাড়া পরিপত্রের অনুচ্ছেদ (খ) অনুযায়ী, প্রথম নিয়োগের সুপারিশের তারিখ থেকে অপেক্ষমাণ তালিকার মেয়াদ এক বছর বহাল রাখার বিধান রয়েছে বলে দাবি করেছেন তাঁরা।
আন্দোলনকারীদের মতে, ২০২৩ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী নিয়োগের নজির রয়েছে। সে ক্ষেত্রে ২০২৫ সালের নিয়োগেও একই ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব। নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিবর্তে আগের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদ পূরণ করা হলে সরকারের সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট কমবে।
এদিকে, নিজেদের দাবির পক্ষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নিয়োগপ্রত্যাশীরা। তাঁরা দ্রুত শূন্য পদের প্রকৃত সংখ্যা নির্ধারণ, অপেক্ষমাণ তালিকা প্রকাশ এবং প্রযোজ্য বিধি অনুসারে নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ঘোষণার আহ্বান জানিয়েছেন।
তবে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবি থাকলেও এ বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। ফলে শূন্য পদগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
✍️ মন্তব্য লিখুন