যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ছেলের এসএসসির নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। মারধরের শিকার প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও। অভিযুক্ত অভিভাবকের নাম ইউনুস আলী। তিনি ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।
বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানতে পারেন তার বাবা।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে ইউনুস আলী প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, সেখানে কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে প্রধান শিক্ষকের কক্ষে অভিভাবককে প্রবেশ করে তাঁকে আঘাত করতে দেখা যায়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও নয়ন নামের আরেক ব্যক্তিকেও কক্ষে প্রবেশ করতে দেখা যায়।
ঘটনার পর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১১ জন শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেন। পরে মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
✍️ মন্তব্য লিখুন