নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর বাজারে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. জুলহাস মিয়া, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন, প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম এবং বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমসহ শিক্ষার্থীরা।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগীর বাবা বলেন, তাঁর মেয়ে নবম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় তিনি অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তিনি অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন, একজন স্কুলছাত্রীর সঙ্গে এমন ঘটনা পুরো এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাঁরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ১৫ নভেম্বর তিন যুবককে আসামি করে মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন শুভ, নূর আলম ও শাহ আলম। তাঁরা একই ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা।
ঘটনার পর কয়েক দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মানববন্ধন থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
✍️ মন্তব্য লিখুন