নিজস্ব প্রতিবেদক
দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ১৮৫ বছরের পথচলায় তৈরি করেছে অসংখ্য কৃতী শিক্ষার্থী। তাঁদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শুধু বাংলাদেশ নয়, বিদেশের রাষ্ট্রীয় নেতৃত্বেও রয়েছে এই কলেজের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি।
চার রাষ্ট্রপতি ও দুই প্রধানমন্ত্রীসহ শতাধিক জাতীয় পর্যায়ের নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখায় ঢাকা কলেজকে দেশের নেতৃত্ব বিকাশের অন্যতম আঁতুড়ঘর হিসেবে বিবেচনা করা হয়।
রাষ্ট্রপতি হয়েছেন চার সাবেক শিক্ষার্থী
ঢাকা কলেজে পড়াশোনা করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের তিনজন এবং মালদ্বীপের একজন সাবেক রাষ্ট্রপতি।
তাঁরা হলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জিল্লুর রহমান ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুম।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৬৩ থেকে ১৯৬৫ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি এই কলেজে শিক্ষকতাও করেছেন। অন্যদিকে বদরুদ্দোজা চৌধুরী ১৯৪৭ সালে কলেজটিতে ভর্তি হন এবং ১৯৪৯ সালে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। জিল্লুর রহমান ১৯৪৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এখানে পড়াশোনা করেন।
মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুমও ষাটের দশকে ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রধানমন্ত্রী হয়েছেন দুই সাবেক শিক্ষার্থী
দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করা দুজন ব্যক্তিও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী। তাঁরা হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ।
তাজউদ্দীন আহমদ ১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যদিকে মওদুদ আহমদ ১৯৫৫ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত এই কলেজে পড়াশোনা করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা কলেজ ছাত্র সংসদের আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি দেশের সপ্তম প্রধানমন্ত্রী ও প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন যাঁরা
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও ঢাকা কলেজের অনেক সাবেক শিক্ষার্থী দেশের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আবদুল মোনেম খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকা কলেজের সাবেক ১১ শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁদের মধ্যে চারজন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তাঁদের মধ্যে ছিলেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জুনাইদ আহমেদ পলক ও আহসানুল ইসলাম টিটু।
সাহিত্য-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধেও অবদান
রাজনীতির পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসেও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের অবদান উল্লেখযোগ্য।
এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, হুমায়ুন আজাদ, কবি শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, মহাদেব সাহা, আখতারুজ্জামান ইলিয়াস ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।
মুক্তিযুদ্ধেও ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামাল ও শহীদ শাফী ইমাম রুমী এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া বীরবিক্রম খন্দকার আজিজুল ইসলাম ও বীরউত্তম খালেদ মোশাররফের নামও রয়েছে এই প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাসে।
১৮৫ বছরের ঐতিহ্য
১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ দেশের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক আন্দোলনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভূমিকা রেখেছেন।
গত ২ সেপ্টেম্বর ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি ঢাকা কলেজের অতীত ঐতিহ্য ও উৎকর্ষ ফিরিয়ে আনার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের রাজনীতি, নেতৃত্ব, সাহিত্য, বুদ্ধিবৃত্তিক চর্চা, সাংবাদিকতা ও প্রশাসনে দক্ষ মানুষ তৈরিতে ঢাকা কলেজের বড় অবদান রয়েছে।
দীর্ঘদিনের এই ঐতিহ্য ও কৃতী শিক্ষার্থীদের সাফল্য ঢাকা কলেজকে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং দেশের নেতৃত্ব ও মনন বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
✍️ মন্তব্য লিখুন