আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বাংলাদেশি দুই রাজনৈতিক পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কয়েকজন ব্রিটিশ রাজনীতিক। এ ঘটনার জেরে যুক্তরাজ্য থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়ার দাবি তুলেছেন দেশটির পার্লামেন্টের সদস্য (এমপি) রুপার্ট লো।
গত সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সময় ঘটনাস্থলে প্রায় ৫০ জনের একটি বিক্ষোভকারী দল ছিল। খবর পেয়ে রাত ৯টা ৫৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় মেট্রোপলিটন পুলিশ। সংঘর্ষের ঘটনায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে ছয়জনকে চিকিৎসা দিয়েছে। তবে আহত কারও আঘাত জীবনসংকটাপন্ন নয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যের কয়েকজন রাজনীতিক প্রতিক্রিয়া জানান। দেশটির ডানপন্থী ও অভিবাসনবিরোধী রাজনীতিকদের কেউ কেউ ঘটনাটিকে যুক্তরাজ্যে অভিবাসননীতির ব্যর্থতা হিসেবে তুলে ধরেন।
রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধের কারণে যুক্তরাজ্যের রাস্তায় এমন পরিস্থিতি তৈরি হওয়া গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতায় জড়িত বিদেশি নাগরিকদের বহিষ্কারের কথাও বলেন তিনি।
অন্যদিকে, রিস্টোর ব্রিটেন দলের নেতা ও এমপি রুপার্ট লো সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও শেয়ার করে লেখেন, রমফোর্ডের রাস্তায় সংঘর্ষে জড়ানো বাংলাদেশিদের তাঁর দল সরকার গঠন করলে বহিষ্কার করা হবে। তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশিদের যুক্তরাজ্যে বসবাসের অধিকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এ ছাড়া রিফর্ম ইউকের হোম অ্যাফেয়ার্সবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফও ঘটনাটিকে কেন্দ্র করে দেশটির অভিবাসননীতির সমালোচনা করেন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কেটি ল্যাম বলেন, অন্য দেশ থেকে কেউ যুক্তরাজ্যে এলে তাকে সেই দেশের রাজনৈতিক বিরোধ পেছনে ফেলে আসতে হবে।
তবে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের সবাই বাংলাদেশি নাগরিক কি না, তাঁদের মধ্যে কারা ব্রিটিশ নাগরিক, স্থায়ী বাসিন্দা কিংবা অন্য কোনো অভিবাসন মর্যাদায় যুক্তরাজ্যে বসবাস করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে সংঘর্ষের ঘটনায় জড়িত কয়েকজনের কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি সম্প্রদায়ের ওপর চাপানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে, যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নাহিদ ইসলামসহ বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের ওপর সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্ত এবং যুক্তরাজ্যের আইন অনুযায়ী তাঁদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির মধ্যে এ ঘটনা উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুরো সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
✍️ মন্তব্য লিখুন