কুমিল্লা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি কুমিল্লার জনজীবনে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। সকাল থেকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। খোলা রয়েছে হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানও।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ, চান্দিনা, ময়নামতি ও চৌদ্দগ্রাম পর্যন্ত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। কোথাও লকডাউনের কারণে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা যায়নি। মহাসড়কের পাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও প্রতিদিনের মতো খোলা রয়েছে।
দাউদকান্দির বলদা খাল এলাকার এক দোকানি জানান, অন্যান্য দিনের মতোই তাঁরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। গৌরীপুর স্টেশনের একজন ফল বিক্রেতাও জানিয়েছেন, ক্রেতাদের উপস্থিতি ও কেনাকাটা স্বাভাবিক রয়েছে।
ইলিয়টগঞ্জ এলাকার এক বাসিন্দা বলেন, এলাকায় লকডাউনের কোনো দৃশ্যমান প্রভাব চোখে পড়েনি। অন্যদিকে ঢাকা থেকে আসা বাসচালক ও চট্টগ্রাম থেকে আসা ট্রাকচালকেরা জানিয়েছেন, পথে কোথাও অবরোধ বা চলাচলে বাধার মুখে পড়তে হয়নি তাঁদের।
মহাসড়কের পাশাপাশি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও দেবিদ্বারসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। শাসনগাছা, জাঙ্গালিয়া ও চকবাজার বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে যানবাহন চলাচল করছে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষও স্বাভাবিকভাবে যাতায়াত করছেন।
তবে কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। বিভিন্ন স্থানে পুলিশি টহলও জোরদার করা হয়েছে।
এর আগে বুধবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় গাছ সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। ফলে বৃহস্পতিবার সকালে মহাসড়কে এর কোনো উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি।
সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে কুমিল্লায় জনজীবন ও পরিবহনব্যবস্থা স্বাভাবিক রয়েছে। কর্মসূচির সমর্থনে দলটির নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতারও উল্লেখযোগ্য খবর পাওয়া যায়নি।
✍️ মন্তব্য লিখুন