গোবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিরাপত্তাহীনতার উদ্বেগে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করায় অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছেন। তবে ক্যাম্পাস ছাড়ার পাশাপাশি তাঁদের মধ্যে একাডেমিক ক্ষতি ও সেশনজটের আশঙ্কাও তৈরি হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যস্ততা দেখা যায়। সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে টানা আন্দোলন ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে গত বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয়। এ সময় নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি পুনঃস্থাপনের দাবি জানান। এ জন্য সাত কর্মদিবসের সময়সীমাও বেঁধে দেন তাঁরা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মন্দির গেটসংলগ্ন প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টির ঘটনাও ঘটে। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, বর্তমান পরিস্থিতির কারণে তাঁদের পরীক্ষা স্থগিত হয়েছে। এতে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি হচ্ছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই তাঁদের বাড়ি ফিরে যেতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি দেখা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছিল। তবে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হবে না বলে জানানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে সাময়িকভাবে নিরাপত্তা উদ্বেগের মধ্যে ক্যাম্পাস ছাড়তে হলেও শিক্ষার্থীদের সামনে এখন বড় প্রশ্ন—কবে ফিরবে স্বাভাবিক শিক্ষার পরিবেশ? দীর্ঘ সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলে সেমিস্টার শেষ করা, পরীক্ষা আয়োজন এবং শিক্ষাবর্ষের ধারাবাহিকতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
✍️ মন্তব্য লিখুন