গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালনে অপারগতার কথা তিনি প্রায় তিন মাস আগেই দলের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জানিয়েছিলেন।
তিনি বলেন, দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না—এ কথা আগেই সংশ্লিষ্ট নেতাদের অবহিত করেছেন। একই সঙ্গে পদত্যাগের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। তবে বিষয়টি এলাকার সাধারণ মানুষ জানতেন না। এ কারণে গণমাধ্যমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি প্রকাশ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবুল কালাম শেখ বলেন, তাঁর ওপর কোনো ধরনের চাপ বা ভয়ভীতি নেই। সম্পূর্ণ নিজের সিদ্ধান্তেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। সভাপতির দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, শুক্রবার থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বে আর থাকছেন না।
তবে তাঁর পদত্যাগের বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর অন্য কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবুল কালাম শেখের পদত্যাগের মধ্য দিয়ে কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন জামায়াতের স্থানীয় সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে।
✍️ মন্তব্য লিখুন