ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের মরদেহ দাফন নিয়ে জটিলতা তৈরি হয়। বাবার জমি দুই ছেলের নামে লিখে দেওয়ার অভিযোগ তুলে এক ছেলে ও তিন মেয়ে দাফনে বাধা দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে প্রায় ১৪ ঘণ্টা পর দাফনের প্রক্রিয়া শুরু হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মাহাবুর তরফদার। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে। অভিযোগ রয়েছে, তাঁর বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবার কাছ থেকে জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মেজ ছেলে রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। এ সময় তাঁরা বাবার মরদেহ দাফনে আপত্তি জানান। তাঁদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেওয়া হবে না।
তাঁদের আরও অভিযোগ, গত দুই বছর ধরে তাঁদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এ নিয়ে তাঁরা আদালতে মামলাও করেছিলেন।
তবে জমি জোরপূর্বক নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল ও ছোট ছেলে শফি। তাঁদের দাবি, কোনো ধরনের জোরজবরদস্তি করা হয়নি; বরং বাবা স্বেচ্ছায় তাঁদের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে যায়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় আলোচনা করা হয়। একপর্যায়ে প্রশাসনের উদ্যোগে বিরোধ নিরসনের চেষ্টা সফল হলে প্রায় ১৪ ঘণ্টা পর বাবার দাফন প্রক্রিয়া শুরু হয়।
জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মৃত্যুর পরও একজন বৃদ্ধের দাফন আটকে যাওয়ার ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
✍️ মন্তব্য লিখুন