নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য আরও সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। পরাজিত রাজনৈতিক শক্তি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে পুনরায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলেও তাদের সে সুযোগ দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে দেশের কয়েকটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটির অতীত ভূমিকা আবারও সামনে এসেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে সঠিক ও যৌক্তিক বলে প্রমাণিত হয়েছে। বিষয়টি এখন নতুন করে বিবেচনার সময় এসেছে।
এদিকে রংপুরের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের প্রসঙ্গেও কথা বলেন মীর শাহে আলম। তিনি জানান, শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করা হয়েছে। রংপুর অঞ্চলে আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, তাঁর পরিবারের সদস্য এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
✍️ মন্তব্য লিখুন