চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০২৬ সালের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।
নতুন সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া লিখিত পরীক্ষা ২০ আগস্ট থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষাগুলোতে সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
বোর্ড জানিয়েছে, ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে বোর্ড সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করেছে।
নতুন রুটিন অনুযায়ী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, আরবি, পালি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
✍️ মন্তব্য লিখুন